নেত্রকোনা জেলা শহরের নিউটাউন এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ আল মাহমুদ বুলবুলের ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী ফেরদৌসী খান গতকাল দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্বামী ১৯৯৭ সালে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা গ্রামের মৃত সমশের আলীর ছেলে সিরাজুর রহমানের কাছ থেকে ৮৭৬ দাগের ৬৯ শতাংশ জমির মধ্যে ৩৪ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তী সময়ে এ জমি বর্গাচাষী দিয়ে চাষাবাদ করে আসছিলেন। ২০০৬ সালে ২২ ডিসেম্বর আমার স্বামী মারা যান। সম্প্রতি ওই জমির ওপর লোলুপ দৃষ্টি পড়ে কান্দুলিয়া গ্রামের মৃত গুলে হোসেনের ছেলে ইউনিয়ন পরিষদে সচিব পদে কর্মরত আব্দুল জলিল ও পুলিশ সদস্য ইয়ার হোসেনের। কিছুদিন আগে জলিল গং ৮ শতক জমি বেদখলের পাঁয়তারা করেন। খবর পেয়ে আমার পক্ষ নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ডের নেতারা প্রতিবাদ এবং জমির সীমানাঘেঁষে গাছ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন উইং কমান্ডার মোহাম্মদ সামছুজ্জোহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, নেত্রকোনা সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল প্রমুখ।










