চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার বিকেলে ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
ভলকানো ডিসকভারির তথ্যমতে, মিয়ানমারের চিন রাজ্যের হাখা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৩ কিলোমিটার।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বণিক বার্তাকে বলেন, চট্টগ্রামে আজ সাড়ে তিনটার পরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গতকাল শুক্রবার ভোরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে পুরো চট্টগ্রাম। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও চট্টগ্রাম নগরীর খাজা রোড ও চকবাজার থানার কাপাসগোলা এলাকায় দুটি ভবন হেলে পড়েছে।










