আগের শত্রুতার জের ধরে পাবনার ঈশ্বরদী উপজেলায় তিনজন কৃষকের প্রায় পাঁচ বিঘা জমির কলা গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কুড়ুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সকালে মাঠে গিয়ে কলা গাছগুলো কাটা দেখতে পান কৃষকরা। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চর কুড়ুলিয়া গ্রামের মৃত আত্তার মালিথার ছেলে আলাউদ্দিন মালিথার তিন বিঘা, একই এলাকার মৃত সাবের মালিথার ছেলে সাকাত মালিথার দেড় বিঘা ও সদর উপজেলার হেমায়েতপুরের গাফুরিয়াবাদ এলাকার আলাই মুল্লিকের ছেলে সেলিম মুল্লিকের এক বিঘা জমির কলাগাছ কেটে নষ্ট করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মঙ্গলবার সারা রাত বৃষ্টি হওয়ায় কলা খেতে পানি জমেছে কিনা দেখতে সকালে তারা জমিতে যান। তখন কলা গাছগুলো কাটা দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদীর থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’










