জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর গতকাল মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ওই আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানিতে অংশ নেন। আদালতের নির্দেশনায় ওই কমিশনারকে বিদেশ ভ্রমণে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গতকাল নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. শাহআলম শেখ।

দুদক সূত্র জানায়, ওয়াহিদা রহমানের দেশত্যাগ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল ইমিগ্রেশনে চিঠি দিয়েছে সংস্থাটি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি সচিব, দুর্নীতি দমন কমিশন, বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশসহ বেশ কয়েকটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।

ওয়াহিদা রহমান চৌধুরীর নামে ১১ জুন মামলা দায়ের করে দুদক। মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল লিমিটেডকে ১৫৩ কোটি টাকার অবৈধ সুবিধা দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. শাহআলম শেখ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি দায়ের করেন।  

এজাহারে অভিযোগ আনা হয়, ক্ষমতার অপব্যবহার করে আইন-বহির্ভূতভাবে ওয়াহিদা রহমান চৌধুরীর একক নির্বাহী সিদ্ধান্তে ১৬টি নথিতে ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করা হয়।