ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আলমসাধুচালক আজাদ হোসেন হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া, দোগাছী গ্রামের মৃত নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান তাহিদ ও যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৩ সালের ২৮ জুন রাতে সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের মকর আলী মন্ডলের ছেলে আজাদ হোসেনের আলমসাধু ভাড়া নেন আসামিরা। পরে তার গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পোড়াহাটি ১০ নম্বর নামক স্থানে একটি ঝোপের মাঝে মরদেহ ফেলে রেখে আলমসাধু নিয়ে পালিয়ে যান আসামিরা। ঘটনার আটদিন পরে ৫ জুলাই তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ জানুয়ারি আদালতে চাজশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় টোকন, তাহিদ ও শুকুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।

 জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আসামিদের মধ্যে শুকুর আলী পলাতক।