আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আসামি ও তাদের স্বজনদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এতে আড়াইহাজার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হালিম খান, কনস্টেবল আমান ও নাজমুলসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

শনিবার গভীর রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁরুখী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বিকালে পুলিশের আহত ওই এএসআই বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো শাহীন মিয়া (২০), সজিব (২২), আজিজুল হক (২০), শাহবুল ভূঁইয়া (২২) ও মাসুদ মিয়া (২৪)।

আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান মোল্লা জানান, এএসআই হালিম খানের নেতৃত্বে পুলিশের একটি টিম ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে অভিযানে বের হন। এ সময় লোকজন পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে পুলিশের এএসআই হালিম খানসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।