দেশের উন্নয়নের জন্য বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে বিএনপি জনগণের ভোটের জন্য লড়াই করার পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য আমাদের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।’

গতকাল দুপুর ১২টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোডে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মনোনয়নপত্র জমাদান উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অতীতে সারা দেশের মতো দাউদকান্দি ও মেঘনায় দিনের ভোট রাতে কেটে নেয়া হয়েছিল। এ দেশে আর যেন ২০১৮ সালের নির্বাচন না হয়, এজন্য আমাদের প্রতিটি নেতাকর্মীকে ভোটের আগ পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘দল আমাকে কুমিল্লা-১ আসন থেকে মনোনয়ন দিয়েছে। আপনাদের কাছে আমার একটাই দাবি, শেষ বয়সে এ আসন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে সংসদে প্রতিনিধিত্ব করা সুযোগ করে দিন। তাহলে এলাকার উন্নয়নে ধারাবাহিক গতি ফিরে আসবে।’

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামছুল আলম, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার প্রমুখ।

পরে নেতাকর্মীদের নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন।