মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে এখন পর্যন্ত ৩ হাজার ৮৫ জন নিহত, ৩৪১ জন নিখোঁজ ও ৪ হাজার ৭১৫ জন আহতের খবর নিশ্চিত করেছেন জান্তা সরকারের মুখপাত্র ঝাউ মিন তুন।

মুখপাত্র ঝাউ মিন তুন জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় এখন পর্যন্ত ১৭টি দেশ থেকে উদ্ধার ও সহায়তা কর্মী এবং এক হাজার টন ত্রাণ সামগ্রী এসেছে।

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম সহজ করতে মিয়ানমারের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ক্ষমতাসীন সেনাবাহিনী। ইয়াঙ্গুন থেকে এএফপি এই খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে সামরিক বাহিনীর হাইকমান্ডের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাটি সম্প্রচার হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ২২ এপ্রিল পর্যন্ত এ যুদ্ধবিরতি চলবে। সামরিক শাসনবিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর একতরফা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর জান্তার পক্ষ থেকে এই ঘোষণা এলো।

মিয়ানমার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওই গোষ্ঠীগুলোর রাষ্ট্রের ওপর আক্রমণ করা বা পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় সেনাবাহিনী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে।