পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে শিমুলিয়া ও মাঝিকান্দি নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে বলেও জানানো হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে পদ্মায় পানির উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করে। সেই সঙ্গে নদীতে বেড়েছে স্রোতের গতিবেগ। এতে ব্যহত হচ্ছিল ফেরি চলাচল। সে কারণেএ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি ও শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।
হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ থাকায় বৈরী আবহাওয়ার মধ্যে ঘাট এলাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে সন্ধ্যা থেকেই ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া থেকে মাঝির কান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পদ্মায় স্রোতের গতিবেগ কমে না আসা পর্যন্ত দিনে ও রাতে ২৪ ঘন্টাই বন্ধ থাকবে এই রুটে ফেরি চলাচল। তবে নদীতে স্রোত কমে আসলে আবারো চলাচল স্বাভাবিক হবে।
এর আগে শনিবার মধ্য রাতে তীব্র স্রোতের কারণে শরীয়তপুরের ট্রানিং পয়েন্টে যাত্রীবাহী দুই চলন্ত ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়। এ সময় এতে আহত হন অন্তত ২০ জন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে।










