রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল। এর মধ্যে ১৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর পর থেকেই প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন।

সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্রসংগঠন বা স্বতন্ত্র প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি।

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।

আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘গতকালই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আজ চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে। প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে আচরণবিধি মেনে প্রচারণা করতে পারবেন।’