চাঁপাইনবাবগঞ্জের আম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে সুনাম কুড়িয়েছে বহুবার। এসব কর্যক্রম শুধু আমের মৌসুমে দেখা যায়। কিন্তু এবার মুকুল আসার আগেই রাসায়নিকমুক্ত ও রফতানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে বাগান লিজ নিচ্ছে মেসার্স ফার্মইমাজিনেশন (হ্যাপি হাট) নামে একটি প্রতিষ্ঠান। তাদের লক্ষ্য রাসায়নিকমুক্ত আম রফতানি করা। এতে রফতানিযোগ্য আম উৎপাদন বাড়বে। পাশাপাশি দেশের অর্থনীতিতে ফলটি ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডাবাজারে ৪০ বিঘা জমি লিজ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে হ্যাপি হাট। পর্যায়ক্রমে জমির পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ ব্যাপারে হ্যাপি হাটের নির্বাহী পরিচালক মো. শাহীদ বলেন, ‘আমরা গত বছর এখানকার চাষীদের কাছ থেকে আম কিনে রফতানি করেছিলাম। কিন্তু সে আমে কিছু সমস্যা ছিল। যেমন সঠিকভাবে ফ্রুট ব্যাগিং না করায় পোকার আক্রমণ ছিল। তবু প্রায় ১০০ টন আম রফতানি করেছিলাম। আগামী বছর আরো বেশি আম রফতানি করতে বায়ারদের সঙ্গে চুক্তি হয়েছে।