মিয়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের মধ্যে দেশটি থেকে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশদের (বিজিপি) দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর জামছড়ি ওয়ার্ডের মেম্বার সাবের আহমদ। সোমবার ( ১১ মার্চ) বিকালে সীমান্তবর্তী জামছড়ি এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আসলাম জানান, সোমবার সকাল থেকে ১১ বিজিবির অধীনস্থ এলাকা নাইক্ষ্যংছড়ি দিয়ে মোট ১৭৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে পালিয়ে আসা বিজিপি সদস্যদের দেখতে সীমান্তবর্তী জামছড়ি এলাকায় উৎসুক জনতা ভিড় করেন। এ সময় হঠাৎ মিয়ানমারের দিক থেকে ছোঁড়া একটি গুলি এসে মেম্বার সাবের আহমদের কোমরের ডান পাশে লাগে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, পালিয়ে আসা বিজিপি সদস্যদের দেখার জন্য সবাই ভিড় করেছিলেন সীমান্ত এলাকায়। এ সময় একটি গুলি এসে লাগে সাবেরের গায়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে বলে জানিয়েছেন মো. সাবের হোসেন। তিনি বণিক বার্তাকে বলেন, সোমবার বিকালে নিজেদের পাড়ার জামছড়ি মসজিদের পাশে ও বিজিবির বিওপির সামনে একটি টিলার ওপরে আমিসহ শতাধিক মানুষ ছিল। এ সময় মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি আমার ডান পাশে কোমরের ওপর লাগে।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বণিক বার্তাকে বলেন, ১৭৯ বিজিপি সদস্যকে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়েছে। প্রশাসনের সমন্বয়ে তাদের খাবার, চিকিৎসাসহ মানবিক সেবা দেয়া হচ্ছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি জানান, গুলিবিদ্ধ ইউপি মেম্বার সাবের আহমদকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।










