পাবনার রূপপুরে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স মিলেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জ্বালানি লোডিংয়ের অনুমতি দিয়েছে । এতে চলতি এপ্রিলের শেষের দিকে প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে রূপপুর কর্তৃপক্ষ।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আজ শুক্রবার বণিক বার্তাকে এসব তথ্য জানান । তিনি বলেন,'সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে রূপুপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার আশা প্রকাশ করা হচ্ছে।’
তিনি বলেন ‘এর আগে ৭ এপ্রিল উদ্বোধনের জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও কিছু ক্রিটিকাল ইস্যু সামনে আসে। সেগুলো সমাধানের জন্য সময় দেয়া হয়। বিপুল জনসংখ্যার দেশে যদি কোনো অঘটন ঘটে সেজন্য ওই সময় প্রকল্পে ফুয়েল লোডিংয়ে রাজি হইনি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জোর চেষ্টা করছি। এখন পজিশন ভালো। সে জন্য প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের (কমিশনিং) বিষয়ে আমরা সবাই একমত হওয়ায় লাইসেন্স প্রদান করা হয়েছে।’
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য জানিয়ে মাহমুদুল হাসান আরো বলেন, ‘প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের সময় আমি নিজে উপস্থিত থাকব। প্রয়োজনে সারা রাত জেগে দাঁড়িয়ে থাকব। আমি আশা করি দুর্ঘটনার কোনো আশংকা নেই।’










