কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পর্শ হয়ে ইকরা (৭) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরা একই গ্রামের মাহাবুবল হকের মেয়ে। গ্রামে তার চাচাতো বোনের বিয়েতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিয়ে উপলক্ষে বাড়ির আঙিনা লাল-নীল বাতি দিয়ে সাজানো হয়েছিল। এ সময় ইকরা তার চাচাতো বোনের সঙ্গে এই বাতি ধরে খেলছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই ইকরা মারা গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে।










