প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, 'আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, অর্থাৎ সে মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।' শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের সব কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, সেহেতু বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয়, তখন সেটা দেখা যাবে।’

ভোট সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করছে উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আগে যে দুই-তিনটা নির্বাচন হয়েছে, সেই ধরনের নির্বাচন হওয়ার কোনও সুযোগ নেই। আমরা সবাইকে পরিষ্কার বার্তা দিয়ে বলেছি, একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। এজন্য নানা চ্যালেঞ্জ আসবে, যত ধরনের সমস্যাই আসুক আমরা হাসিমুখে মোকাবেলা করব।’

আগামী নির্বাচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনের সময় সত্য মিথ্যা যাচাই না করে কেউ যদি গুজব ছড়ায়, তা থেকে বড় ধরনের ঘটনার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চাই। অপতথ্য রোধে নির্বাচন কমিশন কার্যালয় থেকে একটি সেল খোলা হয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতের মত কোন নির্বাচন আর হবে না। সরকারি কোনো সংস্থা ও রাজনৈতিক দল নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ পাবে না। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জাতির আকাঙ্খা পূরণের নির্দেশনা দিয়েছি। সকলের সহযোগিতায় কমিশন ঐতিহাসিক ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবে।

এনসিপির শাপলা প্রতীকের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘একটা দলের প্রতীক নিতে গেলে আইন ও বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে, সেখান থেকে নিতে হয়। তারা যা চেয়েছে সেটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়। এজন্য আমাদের দেয়ার সুযোগ নেই।’

বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন