টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে দোষী সাব্যস্ত না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়েছে। গতকাল দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ ওরফে হূদয় (২৩) এবং একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)। খালাসপ্রাপ্ত হয়েছেন মেহেদী হাসান টিটু (২৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোপালপুর উপজেলার জয়নগর গ্রামের খোকন মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী খাদেজা খাতুনের সঙ্গে সেলফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কৃষ্ণ চন্দ্র দাসের। ২০২১ সালের ২ আগস্ট বেলা ১১টার দিকে নানীর বাড়ি যাওয়ার কথা বলে খাদেজা বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে ভুয়াপুর উপজেলার বীর বরুয়া গ্রামের তারাকান্দি-ভুয়াপুর সড়কের যমুনা নদীর পাড়ে খাদেজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তী সময়ে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ২০২১ সালের ৬ আগস্ট নিহত খাদেজার বাবা খোকন মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম বেরিয়ে আসে। 

আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া প্রতিবেদনে নাম না থাকায় একজনকে অব্যাহতি দেয়া হয়েছে। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত কৃষ্ণ দাস, সৌরভ আহমেদ হূদয় ও মিজানুর রহমানকে জেলা কারাগারে পাঠানো হয়।