নির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তা এবং সমান রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচনের বিষয়ে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হবেন তারা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরুর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ঢাকায় নারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রামে অভিযানে গিয়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা শুধু এক জায়গায় নয়, দেশের আরো নানা জায়গায় ঘটছে। একই সঙ্গে তাদের দলীয় নেতাকর্মীরা নানাভাবে হুমকি ও চাপের মুখে রয়েছেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রশাসন আশ্বস্ত করেছে যে বড় দল, ছোট বা মাঝারি দল বলে কোনো বিভেদ করা হবে না। কিন্তু বাস্তবে এখনো সেই সমান সুযোগের পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে অংশ নেয়া প্রত্যেক প্রার্থী, কর্মী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি লেভেল প্লেয়িং নিশ্চিত করতে হবে। তা না হলে তাদের জোটকে নির্বাচন নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে তাদের।

রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জাতীয় পর্যায়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন ও সংস্কার ছাড়া স্থানীয় পর্যায়ে বড় উন্নয়ন সম্ভব নয়। সে কারণেই রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। এসব দাবি তারা ঐক্যমত্য কমিশনেও তুলে ধরেছিলেন। তবে ৩১ দফা সংস্কারের কথা বলা একটি দল ওই আলোচনায় ভিন্নমত পোষণ করেছে, যা হতাশাজনক।

তিনি আরো বলেন, কোনো একটি দল যদি এককভাবে ক্ষমতায় আসে, তাহলে এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না করার আশঙ্কা রয়েছে। এমনকি কেউ কেউ না ভোট দেওয়ার কথাও বলছেন। তার দলের প্রত্যাশা, গণভোট হলে সবাই যেন হ্যাঁ ভোট দেয়।

প্রবাসীদের উদ্দেশ্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, আজ থেকেই প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রবাসীরা যেন সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করেন, যাতে যেসব উন্নত দেশে তারা বসবাস করেন, সেই মানের পরিবর্তন বাংলাদেশেও সম্ভব হয়। তাদের ভোটেই দেশকে উন্নতির পথে নেয়ার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

এ সময় ফেনী শহর শাখা শিবিরের সভাপতি ওমর ফারুকের পরিচালনায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম সামছুদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।