চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও ৫১ মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। গত রোববার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো এ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা থেকে অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজ তাহের খানকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তিনি অধিদপ্তর ছাড়েন।

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৯ সালে স্টেপ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই বেতন পাচ্ছেন না তারা। প্রায় ৫১ মাস ধরে অন্তত ৭৩৮ জন শিক্ষক বেতন পাচ্ছেন না। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। ২০১১ সালে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। ২০১৯-২০ অর্থবছরে বাজেট বরাদ্দও দেয়া হয়। এরপরও ২০২০ সালের জুলাই থেকে বেতন-ভাতা বন্ধ রয়েছে।

শিক্ষকরা জানান, কর্তৃপক্ষের কাছে একাধিকবার বকেয়া বেতন-ভাতা ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে জানানো হলেও আশানুরূপ কোনো সুফল না পাওয়ায় ২২ সেপ্টেম্বর ৪১টি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-শিক্ষকের সম্পৃক্ততায় একদিনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করা হয় এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

তারা জানান, মন্ত্রণালয়ভিত্তিক সমন্বয়হীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতার দীর্ঘসূত্রতা এবং দীর্ঘ ৫১ মাস বেতনবিহীন অবস্থায় ও চাকরি রাজস্বকরণে দেরি হওয়ায় শিক্ষকরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও চরমভাবে বৈষম্যের শিকার হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাবি আদায় না হওয়া পর্যন্ত ২০ অক্টোবর থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে শুরু হওয়া বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন (বিপিটিএফ) চলমান আন্দোলন অব্যাহত রাখবে।