শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। গতকাল সোমবার সন্ধ্যা থেকে এ কর্মসূচি শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, সোমবার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এতে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক এবং শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ, শ্রমিক ফেডারেশন ও বাস মালিক সমিতির একজন করে প্রতিনিধিকে সদস্য রাখার প্রস্তাব দেয়া হয়।

তবে কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি রাখার বিরোধিতা করেন জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। এ নিয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বৈঠকে হট্টগোল শুরু হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

পরে শ্রমিকরা বাস টার্মিনালে ফিরে গিয়ে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। এর ফলে সন্ধ্যার পর থেকে দূরপাল্লার কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি।

রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক সমিতির প্রতিনিধি রাখার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শ্রমিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দেন। বিষয়টির সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।