সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আসামিপক্ষের আবেদনের ভিত্তিতে মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়ে ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। গতকাল চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। গতকাল দুপুরে শুনানি শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সরকার এ আদেশ দেন। শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারধর করে হাত-পা ভেঙে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পৌর মেয়র (বর্তমানে বরখাস্তকৃত) হালিমুল হক মিরুর সমর্থকদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওইসময় পেশাগত দায়িত্ব পালনকালে পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলায় মিরুকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ আরো ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে শাহজাদপুর থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২ মে পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ভাই মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় হালিমুল হক মিরু কারাগারে থাকলেও অন্য ৩৭ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সাত মাস পর গত ১৪ জুলাই ওই প্রজ্ঞাপনটি সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছে। আলোচিত মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পৌঁছলে গত সোমবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামিনের শুনানির দিন ধার্য করা হয়। শুনানি শেষে ওইদিনও আদালতের বিচারক অনুপ কুমার সরকার আসামি মিরুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে উচ্চ আদালত থেকে জামিনে থাকা অন্য ৩৭ আসামিকে ১০ হাজার টাকা বন্ডে স্বাক্ষরের বিনিময়ে বদলি জামিন দেয়া হয়।