ঢাকার নবাবগঞ্জ উপজেলার দিঘিরপাড় খালপাড় এলাকায় শনিবার রাতে কেবল ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও রাজনৈতিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হন কেবল ব্যবসায়ী রাশেদুল ইসলাম ও অলিউর রহমান অলি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে গিয়ে কাউকে পাইনি। লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।

উপজেলার দিঘিরপাড় খালপাড় এলাকায় কেবল ব্যবসায়ী রাশেদুল ইসলাম মারধর ও হামলার বিষয়ে লিখিত অভিযোগ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশের বিরুদ্ধে। তিনি বলেন, নবাবগঞ্জ উপজেলা যুবলীগ নেতা অলিউর রহমান অলিকে (৩৮) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে পলাশ বাহিনী।

আহত অলিউর রহমান ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও রাশেদুল ইসলাম একই গ্রামের মৃত ছকিল উদ্দিনের ছেলে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। হামলায় আহত ওই দুজন ছাড়াও একই পক্ষের বকসনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মারুফ হোসেন মুকুল (৩৬), মো. শাকিল (৩০) ও ইমরান হোসেন (৩৩) আহত হয়েছেন বলে জানা যায়। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।