দিনাজপুরের হিলিতে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল হাওয়া অব্যাহত থাকায় নতুন করে জেঁকে বসেছে শীত। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া বিভাগ বলছে, এ অঞ্চলে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত হিলিতে থেমে থেমে বৃষ্টিপাত ও হিমেল হাওয়ার কারণে বাড়তি শীত অনুভূত হচ্ছে। এতে  বাজারঘাট সন্ধ্যার আগেই মানুষ শূন্য হয়ে পড়ে।

ভ্যানচালক খালেদ হোসেন ও শ্রমজীবী মেহেদুল ইসলাম  বলেন, গত কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি ও সকাল সকাল রোদ উঠার কারণে ভ্যান চালাতে তেমন শীত অনুভূত হয়নি। কিন্তু বৃষ্টিপাতের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে হাট বাজার জনশূন্য থাকায় আয় রোজগার নেই বললেই চলে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর এর ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বমোট ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এ অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানান তিনি।