চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। এ সময় তার ছয় কেজি ওজন কমেছে। কারামুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনকে দেখান এবং বাসায় থেকে তার তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

মির্জা ফখরুলের ফেরার তথ্যটি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, চলতি বছরের ৩ মার্চ চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। সেখানে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় তার স্বাস্থ্যের প্যারামিটার নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন তিনি। ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।