সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ৯টা থেকে উল্লাপাড়া রেলস্টেশনসংলগ্ন রেলগেট এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ওপর এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। টানা ৬ ঘণ্টা অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আটটি ট্রেন।

আজ যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়ে ৬ ঘণ্টা পর রেলপথ অবরোধ স্থগিত করেন শিক্ষার্থীরা। এরপর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল শুরু হয়। প্রায় পৌনে ৬ ঘণ্টা অবরোধের কারণে উভয় দিকে একাধিক ট্রেন আটকা পড়ে।

আন্দোলনের প্রথম দিকে ১৯-৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু করা হয়। এর অংশ হিসেবে ১১ আগস্ট মহাসড়কে নবীনবরণ অনুষ্ঠান করেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ৯টা থেকে উল্লাপাড়ায় রেলপথ ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাও চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। রেল ব্লকেড কর্মসূচিতে ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু আন্তঃনগর ট্রেন জামতৈল স্টেশনে, রংপুর এক্সপ্রেস সয়দাবাদ স্টেশনে এবং একতা এক্সপ্রেস ইব্রাহিমাবাদ স্টেশনে আটকা পড়ে। এছাড়া পশ্চিমে রাজশাহী-ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুরে, চিলাহাটি এক্সপ্রেস শরৎনগর ও কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বলেন, ‘রেলপথ টানা ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকায় শিডিউল বিপর্যয় ঘটে। এ সময় আটটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। তবে ব্লকেড উঠিয়ে নিলে বেলা ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভবিক হয়।’