নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বাড়িঘরে গুলিবর্ষণ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গতকাল সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম (৪৫) রায়পুরার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আকতার মিয়ার স্ত্রী। গুলিবিদ্ধরা হলেন নাজিমুদ্দিন (৪৫), সিয়াম মিয়া (১৬), মো. রানা (২০), মো. মাহিন (২০) ও তাজুল ইসলাম (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে রায়পুরার সায়দাবাদ ও বালুরচর গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গতকাল ভোরে বালুচরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে হামলা চালায়। হামলায় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নিহত হন। এর পর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলেছে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, ‘বুকে ও হাতে গুলিবিদ্ধ ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ পাঁচজনকে আমরা চিকিৎসা দিয়েছি।’
১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এএনএম মিজানুর রহমান বলেন, ‘রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ থেকে আসা দুজন গুলিবিদ্ধ ব্যক্তিকে আমরা চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, রায়পুরা চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।










