বিএনপিকে ‘পা ভাঙা বাঘ’ বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যতয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ শুধু গর্জন করতে পারে। আর কিছুই করতে পারে না।’

আরো বলেন, ‘তারা দেশে যদি শান্তি বিনষ্ট করার চেষ্টা করে সরকার কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিহত করবে।’

আজ শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসেছেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।’

বিএনপির দাবি প্রসঙ্গে বলেন, ‘তারা যে দাবিগুলো দিচ্ছে তত্বাবধায়ক সরকার সেটি শুধু পাকিস্তানে আছে। আমার প্রশ্ন তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করে, অনুকরণ করে।’

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফর ‘অত্যন্ত ইতিবাচক’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় আরো ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।