ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত ইফতার মাহফিলের পাশাপাশি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ছাত্রলীগ ও ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আজকের ইফতার মাহফিল টেকসই উন্নয়নের একটি নির্দেশক। আজকের আলোচনার বিষয়বস্তুর সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সবগুলো বিষয়ের মিল রয়েছে। আমি আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডিইউজেএ) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও অর্জনে সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের ছাত্র-সাংবাদিকরা সর্বোচ্চ যত্ন ও প্রচেষ্টার সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাবে।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সরকার আমাদের যে পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে এর মধ্য থেকেই আমাদের কাজ করতে হয়। আমরা চাইলেও বাইরে থেকে ফান্ড এনে কিছু করা সম্ভব নয়। তারপরও আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে, যেন আমাদের অপ্রতুল সম্পদের সর্বোত্তম ব্যবহার করে ছাত্রছাত্রীদের সুবিধা নিশ্চিত করা যায়।










