চাঁপাইনবাবগঞ্জে পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি কলেজের প্রভাষকরা।

এসময় বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, প্রভাষক আব্দুর রাজ্জাক, আবু রায়হান, লুৎফন নাহার লিনাসহ অন্যরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির সিদ্ধান্তের আগ পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।