লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বারঘড়িয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সাদ্দাম হোসেন (৩৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ হোসেন খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত সাদ্দাম হোসেন গরু পারাপারকারী রাখাল হিসেবে কাজ করতেন। তিনি ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী এলাকার বাসিন্দা।

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সাদ্দাম হোসেনসহ কয়েকজন স্থানীয় বারঘড়িয়া সীমান্ত অতিক্রম করে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় আজ ভোরে গরু আনতে যায়। এসময় বিএসএফের কৈমারী ক্যাম্পের টহল দলের গুলিতে তার মৃত্যু হয়। অন্যরা পালিয়ে যায়।

এলাকাবাসী, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বারঘড়িয়া ৯২০-৯২১ নম্বর মেইনপিলার সীমান্ত এলাকা থেকে ১৫০-২০০ গজ ভারতের অভ্যন্তরে নিহত সাদ্দাম হোসেনের মৃতদেহ পড়ে ছিল। বিষয়টি স্থানীয় জনতা লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের সদস্যদের জানায়। পরে দুপুর ২টার দিকে বিএসএফ তার মৃতদেহটি নিয়ে যায়।