ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক, মহিলা— যাদের রক্তে স্বৈরতন্ত্রের পতন হয়েছে; যারা জুলাই-আগস্টে বুকের রক্ত দিয়ে স্বৈরতন্ত্র হটিয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যে সংগ্রাম আমরা ১৬ বছর আগে শুরু করেছিলাম, তা এখনো শেষ হয়নি। নির্বাচিত সরকার কর্তৃক গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এর সঙ্গে কোনো আপস নেই।’

রোববার (৮ জুন) বিকেলে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

শামসুজ্জামান দুদু বলেন, ‘পার্শ্ববর্তী দেশ মনে করে আমাদের দাসের মত রাখবে। এদেশে উৎখাত করা স্বৈরশাসককে আশ্রয় দিয়েছে ভারত। তাদের সঙ্গে কোনো আপস বাংলার জনগণ মেনে নেবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব জটিল ও কুটিল সময় আমরা অতিক্রম করছি।’

বিএনপিসহ ৫০টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দাবি করে দুদু বলেন, ‘আমরা রোডম্যাপের নামে যা পেয়েছি, সেই সময় নির্বাচন করা খুব কঠিন। ওই সময় রোজা। তাছাড়া বৈশাখ মাস ঝড় বৃষ্টির সময়। তারও আগে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির পরে আর নির্বাচনের পরিস্থিতি আর থাকে না। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে।’

ডিসেম্বরে মধ্যে নির্বাচন করতে কী অসুবিধা জানতে চেয়ে তিনি আরো বলেন, ‘প্রধান উপদেষ্টা কী বলেন, কী করেন আমরা সেদিকে তাকিয়ে আছি। তারপর পার্টি বসে সিদ্ধান্ত নেবে। ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে আমাদের রাজপথে নেমে আসতে হবে। পার্টির সিদ্ধান্ত যতক্ষণ না হয় ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে।’

এ সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামিম রেজা ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল জাহিদসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।