ফেনীতে নিখোঁজের পরদিন পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম জাবের রাবিন (১০)৷ সে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের ইসহাক হাজী বাড়ির মো. ওমরের ছেলে। চট্টগ্রামের বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্র রাবিন।

পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিল সে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, বুধবার দুপুরের পর থেকে রাবিনকে ঘরে না পেয়ে আশপাশের বাড়িতে তাকে খোঁজা হয়। এক পর্যায়ে পরিবার ও স্বজনদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে প্রচারণা করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি জমিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

নিহত শিশুর পিতা মো. ওমর বলেন, ‘গতকাল আমার ছেলে নিখোঁজ হয়েছে। আজকে তার মরদেহ পেয়েছি। তার শরীরে কোনো ক্ষতচিহ্ন না থাকলেও নাক দিয়ে রক্ত বের হচ্ছে। কেউ আমার ছেলেকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।‘

ফেনী মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, ‘নগরকান্দা গ্রামে একজন শিশুর মরদেহ পড়ে আছে বলে স্থানীয় সূত্রে খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।‘