ভারতে পাচারকালে সাতক্ষীরায় ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় দুই চোরাকারবারিকে আটক করে তারা। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত পিলার ৭/৪৮-এস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে তুহিন এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সজিব হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো.আশরাফুল হক।
তিনি জানান, সকালে বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা দিয়ে দুইটি মোটরসাইকেলে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরে বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা থেকে তুহিন ও সজীবকে মোটরসাইকেলসহ আটক করে বিজিবি। পরে তাদের মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখে অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ৩১টি স্বর্ণের বারের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা।










