খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা কাঁচাবাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান।
ওসি বলেন, দুর্বৃত্তরা ছুরিকাঘাত করার পর জাকির হোসেন দৌড়ে একটি দোকানের পাশে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে মারা যান তিনি। তার পিঠ ও পেটে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি মাসুম বলেন, কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজিসংক্রান্ত বিষয়ে বা পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয় লোকজন জানান, নিহত জাকির হোসেনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তিনি নিরালা ১৭ নম্বর সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন। নিরালা এলাকায় তার একটি দোকান ও মশার কয়েল কোম্পানির ডিলারশিপ ছিল।










