৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও নেপালের বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারল না বাংলাদেশ। এর আগে এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভূঁইয়ার দলের সব আশা শেষ হয়ে যায় হংকং চায়নার কাছে ইনজুরি সময়ে হজম করা গোলে। ৩-৩ সমতা থেকে ৪-৩ ব্যবধানে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাঠে নেপালের বিপক্ষেও একই পরিস্থিতি, ২-২ গোলের ড্রয়ে ম্লান হামজা চৌধুরীর বীরত্ব।
এগিয়ে থেকেও জয় না পাওয়ার পর স্বভাবতই হতাশ লাল-সবুজের ভক্তরা। তবে হামজা-জামালদের চোখ ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচের দিকে। তাই হতাশা লুকিয়ে না রাখলেও, সবাইকে একসঙ্গে থাকার বার্তা দিলেন হামজা।
পরবর্তীতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে হামজা লিখেছেন, ‘শেষমুহূর্তের (গোলে) আরেকটি হতাশার রাত, ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ, চলুন একসঙ্গে থাকি! একইসঙ্গে (আসন্ন) বড় ম্যাচের জন্য প্রস্তুত হই এবং সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’










