নারায়ণগঞ্জে বিএনপির আরো ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার অভিযোগে জেলার বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বুধবার দিবাগত রাতে পুরনো এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ থানা এলাকা থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাতজন নেতাকে গ্রেফতার করে পুলিশ। বিএনপি নেতাদের অভিযোগ, ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। পুরনো ‘গায়েবি’ মামলায় দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে সমাবেশ ডেকেছে বিএনপি। এ সমাবেশকে বানচাল করতে আওয়ামী লীগ সরকার সবধরনের চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সরকার পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে পুরনো গায়েবি মামলায় ধর-পাকড় অব্যাহত রেখেছে। বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।’
তিনি জানান, গতরাতেও পুলিশি অভিযানে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজার ও সোনারগাঁ এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতীদলের কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক।










