কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুল্লাহ আল মঞ্জু (১৭) নামে এক তরুণ হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায়ে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল মতলেব আলীর ছেলে আব্দুল্লাহ, বাদশা আলীর ছেলে রুবেল, মৃত মকছেদ আলীর ছেলে কাশেম, মৃত ফকির চাঁদের ছেলে সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রুবেল পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ এপ্রিল সকালে পূর্বশত্রুতার জেরে পান্টি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে পূর্বপরিকল্পিতভাবে ফালা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন আসামিরা। নিহতের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর বাবা ওই দিনই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
কুষ্টিয়া জেলা জজ আদালতের সরকারি আইনজীবী অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।










