বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। গতকাল সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ, স্পিডবোট, সার্ভিস ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করা তিন শতাধিক পর্যটক আটকে পড়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতকাল (শুক্রবার) দুপুরের পর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে দ্বীপে আটকে পড়া পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, তা নিয়ে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।’

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘সতর্কতা সংকেতের কারণে শনিবার (গতকাল) সকাল থেকে যাত্রী পরিবহন বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যাত্রী পরিবহন শুরু করা হবে। বৃহস্পতি ও শুক্রবার স্পিডবোট ও ট্রলারে করে তিন শতাধিক পর্যটক সেন্ট মার্টিন বেড়াতে গিয়েছিল। এর মধ্যে ৫০ জনের মতো পর্যটক দ্বীপে অবস্থান করছে।’