ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন তিনি।

গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা। এ সময় পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এ ছাড়া গুলশান এলাকার বিভিন্ন জায়গায় ধানের শীষে ভোট চান এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি।

ভোটারদের উদ্দেশ্যে জাইমা রহমান বলেন, আমার বাবা তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই। ধানের শীষে ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করুন।

গণসংযোগে তাকে পরিবেশবান্ধব বীজ বিতরণ করতে দেখা যায়। এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান। এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা খাতুনকেও দেখা যায়।