রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) চলমান উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ক্ষুব্ধ ঠিকাদাররা আগামী ২৩ জুলাই থেকে সব উন্নয়ন কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে রাসিক সচিব রুমানা আফরোজের অপসারণ ও স্থায়ী প্রশাসক নিয়োগের দাবিও তুলেছেন তারা।

রোববার (২০ জুলাই) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারদের ব্যানারে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঠিকাদার তরিকুল ইসলাম স্বপন।

তরিকুল ইসলাম বলেন, সচিব রুমানা আফরোজ যোগদানের পর থেকে রাসিকে জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে অচলাবস্থা তৈরি হয়েছে। মাসের পর মাস বিল অনুমোদনের ফাইল সচিব আটকে রাখছেন। এতে ঠিকাদারদের হয়রানি হতে হচ্ছে। সচিবের কক্ষে গেলে অসদাচরণ করা হয়, অথচ কোনো যুক্তিসংগত কারণও দেখান না তিনি।

তিনি বলেন, বিল না পাওয়ায় কিছু উন্নয়ন কাজ থেমে আছে। কিছু জায়গায় আবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে নগরজুড়ে যানজটসহ জনদুর্ভোগ বেড়েছে। সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এই জটিলতা তৈরি করছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, রাসিকের বিভিন্ন বিভাগ যেমন কনজারভেন্সি, পরিবহন, বিদ্যুৎ ও প্রকৌশল শাখাতেও সচিবের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে। তবে চাকরি চলে যাওয়ার ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। এমনকি অবসরে যাওয়া কর্মীদের কাগজপত্রেও সচিব স্বাক্ষর দিচ্ছেন না।

তারা আরো অভিযোগ করেন, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন বিল, জন্ম ও মৃত্যুনিবন্ধন, নাগরিক সনদ, হোল্ডিং নম্বর, ট্রেড লাইসেন্স ও এনওসি পেতেও এখন দীর্ঘসূত্রিতা ও হয়রানির শিকার হতে হচ্ছে। যেখানে নাগরিক সনদ বা এনওসি সাধারণত ৩-৪ দিনে হয়ে যেত, এখন তা পেতে মাসের পর মাস লেগে যাচ্ছে।

ঠিকাদার তরিকুল ইসলাম আরো বলেন, বিভিন্ন ওয়ার্ডে বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট থাকলেও মাসের পর মাস সেগুলো জ্বলে না। আবার কেউ ভাতা তুলতে গেলে বারবার অফিসে ঘুরতে হয়। এসব অনিয়মের দায় সচিব এড়াতে পারেন না।

বক্তারা বলেন, বর্তমানে রাসিকে অস্থায়ী প্রশাসক হিসেবে রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ দায়িত্ব পালন করছেন। এত বড় প্রতিষ্ঠানে স্থায়ী প্রশাসক ছাড়া কার্যকর দায়িত্ব পালন সম্ভব নয় বলে তারা মনে করেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এসব সমস্যার সমাধান না করা হয়, তাহলে ২৩ জুলাই থেকে সব উন্নয়ন কাজ বন্ধ করে দেয়া হবে। একইসঙ্গে ২৭ জুলাই নগর ভবন ঘেরাও করে মানববন্ধনও কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে বেলাল খান, তৌহিদুল ইসলাম সেলিম, আজিজুল হক ভূঁইয়া, গাজী সালাহউদ্দিন, ইয়াহিয়া খান মিলু, রেজাউল ইসলাম, মো. আমিন, মো. শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে সচিব রুমানা আফরোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে রুমানা আফরোজ রাসিক সচিব হিসেবে যোগ দেন। এরপর থেকেই নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে নানা জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।