নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে গাজীপুরের নাওজোর চৌরাস্তা এলাকায়
এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নেত্রকোনা ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
১ সেপ্টেম্বর সকালে নেত্রকোনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হন।
বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপি. যুবদল ও ছাত্রদলের ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০০ নেতাকর্মীকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। নেত্রকোনা মডেল থানার এসআই খন্দকার আল মামুন বাদী হয়ে ১ সেপ্টেম্বর রাতে এ মামলা দায়ের করেন।
মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের ছেলে জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনিকে প্রধান আসামি করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এর আগে আরো ১৪ বিএনপির নেতাকর্মীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।










