বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি আপসহীন নেত্রী। এ কারণে দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয় মানুষ হিসেবে রয়েছেন।’
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গতকাল বিকালে নরসিংদীর পলাশ থানা ও ঘোড়াশাল শহর ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা, প্রতিহিংসা ও ক্রোধ নেই। তিনি সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামী মানুষটি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’
এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার রোক্তমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চান।
ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এমএ ছাত্তার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ প্রমুখ।










