দশ বছর আগে রাজবাড়ীতে আলোচিত মাইনউদ্দিন গাজী হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলায় এক আসামিকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফয়সাল খান, জনি ব্যাপারী, ইসহাক মিজি ও নেছার পাটোয়ারী। রায়ে খালাস পেয়েছেন বাবু ভুইয়া। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ মার্চ রাতে মোবাইলের মেরোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জের ধরে সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা মাইনউদ্দিন গাজীকে লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে জখম করেন আসামিরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
এ ঘটনায় নিহত মাইনউদ্দিনের বাবা খলিলুর রহমান গাজী বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিটর আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় ৪ আসামিকে যাবৎজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। আমরা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।










