ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা ও দেবিপুর গ্যাসপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন মোটরসাইকেল চালক ও অন্যজন বাসচালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে শাহীন (২১) ও মহুরীগঞ্জ এলাকার আবু তাহেরের ছেলে ইউনুস (২২) মোটরসাইকেলে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে রামপুর রাস্তার মাথায় অজ্ঞাত একটি পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। আহত ইউনুসকে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, দুপুরে ফেনীর দেবিপুরে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের চালক শাহ আলম নিহত হন। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়াকান্দি সাতকানিয়া ভবেরচর এলাকার হয়রত আলীর ছেলে। এ ঘটনায় বাসের আরো সাত যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।