মাদারীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আচমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী বালীর ছেলে রিফাত বালী (১৯) ও একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃধার মোড় এলাকার মুক্তার সরদারের ছেলে মারুফ সরদার (৩০)।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, মাদারীপুর শহর থেকে মঠেরবাজারের দিকে রিফাত বালী তার সঙ্গে মারুফ সরদারকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। রাত ১০ টায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আড়িয়াল খাঁ নদের আচমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে এলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিফাত বালী মারা যায়। পরে স্থানীয়রা আহত মারুফ সরদারকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।