রাজনৈতিক অস্থিরতার কারণে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়-ভীতির জায়গা আছে। কারণ বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবিদাওয়া নিয়ে সামনে আসছে। তারা কখনো বলছে নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন করবে না, কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন করবে না। আবার কখনো বলছে জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা রয়েছে।’

গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্র মেরামতের বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ জনসভা আয়োজন করে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হিসেবে প্রার্থী হবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর আমি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছি। সব সময় দল ও দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম। তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্তে নির্ভর করবে আমার রাজনীতি কোন পথে যাবে।’