বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩০০ ফিট ও আশপাশের মোড়গুলোয় অবস্থান নিয়েছে। সেইসঙ্গে বিএনপির স্বেচ্ছাসেবক টিম সংবর্ধনাস্থলে সক্রিয় রয়েছে।
সংবর্ধনাস্থল ঘুরে দেখা যায়, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিএনপির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে মঞ্চ ও এর আশপাশে মাস্ক পরতে নিষেধ করছে দলের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মী জসীম কাজ করছেন দলীয় নিরাপত্তা নিশ্চিতের স্বেচ্ছাসেবী হিসেবে। এসময় তিনি জানান, 'নিরাপত্তার স্বার্থে আমরা কাউকে মাস্ক পরে প্রবেশ করতে দিচ্ছি না। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা আমরা অবলম্বন করছি।'
এদিকে এভারকেয়ার হাসপাতালের প্রবেশমুখটি কাঁটাতার দিয়ে আটকে একমুখী করে দেয়া হয়েছে। এতে করে তিনশ ফিটের মঞ্চ থেকে সরাসরি এভারকেয়ার প্রবেশ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আইজিপি গতকাল রাত ৯টার দিকে সংবর্ধনা স্থল পরিদর্শনে করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম। সে সময় তার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।















