বেতন ও ঈদ বোনাস দাবিতে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল দুপুর সোয়া ১২টা থেকে লাঙ্গলবন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পরিদর্শক সেলিম বাদশা জানান, টোটাল ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।
কারখানার শ্রমিকরা জানান, মাসের শুরুর দিকে বকেয়া পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত মে মাসের বেতন পাননি তারা। ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বেলা ১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।










