ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেছেন, ‘টিসিবি একটি সেবামূলক ব্যবসা। সেবামূলক এ ব্যবসাকে পুঁজি করে অতীতে দুর্নীতি হয়েছে। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত ছিল তাদের পরিণতিও হয়েছে ভয়াবহ।’
গতকাল দুপুর ১২টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবি ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, টিসিবির যুগ্ম পরিচালক (আইন শাখা) প্রতাপ কুমার, সহকারী পরিচালক ও বগুড়া অফিস প্রধান সাদ্দাম হোসাইন, ডিলার ফজলুর রহমান প্রমুখ।
মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, ‘আগামীতে দোকান যার ব্যবসা তার। প্রতিটি দোকানি মাসব্যাপী এ ব্যবসা করতে পারবেন। তাদের যে মুনাফা হবে, তাতেই সংসার চলার পথ তৈরি হবে। তাই প্রতিটি ডিলার যাতে ৮০০-১৫০০ কার্ড পান, সে ব্যবস্থা সরকার করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য টিসিবির ভোক্তা কার্ডকে স্মাটকার্ডে পরিণত করা হচ্ছে। প্রথমে কিছু সমস্যা হলেও এখন সেটা আর নেই।’
তিনি বলেন, ‘সারা দেশের মধ্যে বগুড়ায় টিসিবির ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো অভিযোগ সরকারের খাতায় নেই। তবে একই ওয়ার্ডে একাধিক বা তারও অধিক ডিলার রয়েছেন। সরকার একটা নিয়মের মধ্যে ডিলার নবায়নের সুযোগ দিয়েছে। নবায়নে প্রকৃত ব্যবসায়ী বাদ পড়বেন না। সঠিক তথ্য দেয়া থাকলে তারাই ডিলার থাকবেন।’
বগুড়া টিসিবি কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ১ লাখ ৬৩ হাজার ৯৮ জন ভোক্তা রয়েছেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ের পর স্মার্টকার্ড নবায়ন হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৫টি। এখন পর্যন্ত ৯৭ হাজার ৮২১ জন ভোক্তা স্মার্টকার্ড হাতে পেয়েছেন।
টিসিবি চেয়ারম্যান বলেন, ‘রমজানে বগুড়া শহরে পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হলেও ঈদুল আজহায় তা বাড়িয়ে ১০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। যাতে ভোক্তারা কোনো অসুবিধায় না পড়েন। কাউকে যেন লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে না হয়।’










