কুমিল্লায় করোনাভাইরাস ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা ভাইরাসে একজন ও ডেঙ্গুতে আরেকজন মারা গেছেন। রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।

করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। অন্যদিকে ডেঙ্গুতে মারা গেছেন দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার নুরুল আমিন (৫৫)।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলাতেই এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।

কুমিল্লার সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। জুনে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট ৬৭টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ। তবে এখন পর্যন্ত কুমিল্লা জেলায় সরকারিভাবে কভিড শণাক্তকরণ পরীক্ষা চালু হয়নি।

জেলায় ডেঙ্গু পরিস্থিতিও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। তবে বাস্তবে আক্রান্তের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি বলে ধারণা করছেন চিকিৎসক ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন বশির আহমেদ জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু সংক্রমণের তথ্য প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালানোর পরামর্শ দেয়া হচ্ছে।