মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখিরকান্দি গ্রামকে পদ্মা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নদীর তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এরই মধ্যে পদ্মার ভাঙ্গনে গ্রামটির প্রায় ৬০ থেকে ৭০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ৩০০ থেকে ৪০০ পরিবার ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে। যেকোনো মুহূর্তে বড় অংশ নদীতে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাঙ্গন চলমান থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। পাশাপাশি পদ্মা ও মেঘনায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে প্রভাব পড়েছে নদী ভাঙ্গন এলাকায়, এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পূর্ব রাখির কান্দি ও আশেপাশের এলাকা। ফলে দ্রুত টেকসই বাঁধ নির্মাণসহ নদী তীর সংরক্ষণের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। শিগগিরই ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি জানান বক্তারা।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মিজানুর রহমান, সদর থানা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, পূর্ব রাখিরকান্দি তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি জজ মিয়া সরদার, শিলই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকিল বেপারী, ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারীসহ এলাকার নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।










